মিসাইল হামলায় নিহত আল মামুনের লাশ ঢাকায়

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সৌদি আরবে নিহত বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের লাশ ঢাকায় পৌঁছেছে। সোমবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মামুন আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে মামুন গুরুতর আহত হন। পরে তাকে আল খারিজের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ দিবাগত রাত সাড়ে ১১টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের মামাতো ভাই শাওন মোড়ল জানান, বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মামুন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তিনি মারা যান। তাঁর একটি সন্তান রয়েছে।

উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেনও নিহত হন। হামলায় মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।