
মাগুরা সদর উপজেলার মাঝগ্রাম মধ্যপাড়া থেকে শনিবার ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ বায়েজিদ বোস্তামি (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বায়েজিদ মাঝপাড়া গ্রামের নওশের বিশ্বাসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির খড়ের গাদার ভেতর থেকে একটি মরিচা ধরা সিলভার রঙের বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের বলেন, “পরিকল্পিতভাবে আমাদের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, কিছুদিন আগে জামায়াতে যোগ দিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে আটক দেখানো হয়েছে।”
অন্যদিকে মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, “গ্রেপ্তার বায়েজিদ ৫ আগস্টের আগে আওয়ামী লীগ কর্মী ছিলেন। সরকার পরিবর্তনের পর বিএনপির সঙ্গে যুক্ত হন এবং পরে জামায়াতে যোগ দেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসী হিসেবে পরিচিত বায়েজিদকে এখন জামায়াত কর্মী বানিয়ে প্রচার করা হচ্ছে। এতে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাদের।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।