অস্ট্রেলিয়ায় শেলহারবার বিমানবন্দরে দুর্ঘটনা, তিনজন নিহত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের লেক ইলাওয়ারা এলাকার শেলহারবার বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ

প্রতিবেদনে বলা হয়েছে, ওলোনগং থেকে ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনার খবর আসে।

লেক ইলাওয়ারা পুলিশ জানিয়েছে, উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়। বিমানটি রাজ্যের মধ্য পশ্চিমাঞ্চলীয় বাথার্স্ট যাচ্ছিল। রানওয়েতে পড়ে বিমানটিতে আগুন ধরে গেলে দমকলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনীর পরিদর্শক অ্যান্ড্রু বারবার বলেন, দুর্ঘটনার সময় বিমানবন্দরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রশিক্ষণ নিচ্ছিল। কয়েক মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম চালায়।

তবে বিমানের জ্বালানি দাহ্য হওয়ায় যাত্রীদের বাঁচানোর কোনো সুযোগ ছিল না, পুলিশ জানিয়েছে।