উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (বিজিএস) জানিয়েছে, ৩.৩ মাত্রার এই কম্পনে ঘরবাড়ি কেঁপে ওঠে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) রাতে আঘাত হানা ভূমিকম্পটি ল্যাঙ্কাশায়ার ও সাউদার্ন লেক ডিস্ট্রিক্টজুড়ে অনুভূত হয়। কেন্ডাল ও উলভারস্টনসহ আশপাশের শহরের মানুষও কম্পন টের পেয়েছেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ল্যাঙ্কাশায়ারের ল্যাঙ্কাস্টারের সিলভারডেল থেকে প্রায় ১২ মাইল দূরে। ডেইলি মেইল জানায়, সিলভারডেল উপকূলের কাছে মাত্র ১.৮৬ মাইল গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

কেন্দ্রস্থল থেকে প্রায় ৭.৭ কিলোমিটার দূরে কার্নফোर्थের বাসিন্দা ক্যাটরিনা সিমন্স বলেন, হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে ভয় পেয়ে যান। তাঁর কথায়, “ঝাঁকুনিতে মনে হচ্ছিল, কেউ যেন গাড়ি নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছে।”

অনেক স্থানীয় বাসিন্দাও রাতের এ কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন, যাদের বেশিরভাগই তখন ঘুমিয়ে ছিলেন।

বিজিএস জানায়, যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ৩০০টি ভূমিকম্প শনাক্ত করা হয়, তবে এর খুব কমই সাধারণ মানুষ অনুভব করে থাকেন।