
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুথি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্ররা গত ২০ বছরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) ইয়েমেনে শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।
এই শহীদ স্মরণ-অনুষ্ঠান ইয়েমেনে এক সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে। আল-হুথি বলেন, “যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। শাহাদাত হলো ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর।”
তিনি আরও উল্লেখ করেন, ইসলামী উম্মাহর ইতিহাসে প্রাচীনকাল থেকে উপনিবেশিক আমল এবং বর্তমান পর্যন্ত বড় বড় বিপর্যয় ঘটেছে। আল-হুথি দাবি করেন, আমেরিকানরা স্বীকার করেছে যে, গত দুই দশকে তারা প্রায় ৩০ লাখ মানুষ হত্যা করেছে, যাদের অধিকাংশই মুসলিম। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এমন সময়ে, যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে।
তিনি বলেন, শত্রু (ইসরায়েল) মানুষকে ক্ষুধার্ত রেখে ও অস্ত্রের মুখে জিম্মি করে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম জাতিগুলোকে দাসে পরিণত করার জন্য মানসিকভাবে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। তারা অন্য দেশ দখল করেছে কেবল নিজেদের স্বার্থে সেই জনগণকে ব্যবহার করার উদ্দেশ্যে।
আল-হুথি বলেন, “এই অত্যাচারী শক্তিগুলোর মধ্যে কোনো দয়া-মায়া নেই; নিজেদের লক্ষ্য অর্জনের জন্য তারা যেকোনো অপরাধ করতে দ্বিধা করে না।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।