
নওগাঁর পোরশা উপজেলার কুশারপাড়া গ্রামের একটি আমবাগানে হাত-পা বাঁধা ও অর্ধনগ্ন অবস্থায় সুমাইয়া আক্তার (৯) নামে এক শিশুকন্যার মরদেহ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে।
নিহত সুমাইয়া একই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে এবং স্থানীয় কুশারপাড়া মাদরাসার ছাত্রী ছিলেন। শিশুটির বাবা আশরাফুল ইসলাম জানান, সকালে মক্তব থেকে ফিরে সে বাড়িতে বই রেখে খেলতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালান।
দুপুর সাড়ে ১১টার দিকে পাশের হিরাডাঙ্গা গ্রামের সেফালী বেগম আমবাগানে ঘাস কাটতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের মাধ্যমে বিষয়টি থানায় জানানো হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, শিশুটির হাত-পা বাঁধা ছিল এবং মরদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে। গলায় কালো দাগ দেখা গেছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওসি আরও বলেন, ধর্ষণের বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না। ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য একাধিক টিম ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।