
রোববার (১২ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটির জর্ডান হাসপাতালের কাছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও হামাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা শহরের ভেতরে অবস্থানরত একদল সশস্ত্র গোষ্ঠীকে ঘিরে ফেলার পর গ্রেফতারের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হন।
হাসপাতাল সূত্রের বরাতে বলা হয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ জন এবং হামাসের ৮ যোদ্ধা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় দুগমুশ গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে হামাসের তিন শতাধিক যোদ্ধা সেখানে অভিযান চালায়। এরপরই দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলি শুরু হয়। স্থানীয়রা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। এক বাসিন্দা বলেন, “এবার মানুষ ইসরাইলি আক্রমণ থেকে নয়, নিজেদের লোকদের হাত থেকে পালাচ্ছিল।”
দুগমুশ গোষ্ঠী গাজার অন্যতম প্রভাবশালী গোত্র, যাদের সঙ্গে হামাসের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অতীতেও তারা একাধিকবার হামাস বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে।
হামাস-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং প্রতিরোধ আন্দোলনের বাইরের যেকোনো সশস্ত্র কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে দুই পক্ষই।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।