চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে আনুমানিক ২০ কোটি টাকার জাল মুদ্রাসহ দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে র‌্যাব ৭-এর একটি দল নুরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—চকরিয়ার বিলছড়ি গ্রামের মো. তাজ উদ্দিনের ছেলে মো. তানবিজ উদ্দিন (২০) এবং চন্দনাইশের বর্মা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. আসিফ (২২)।

র‌্যাবের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই ফ্ল্যাটে বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুদ আছে। পরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ইউরো, সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাত দিরহাম, ইউএস ডলার, মিয়ানমার কিয়াট এবং বাংলাদেশি মুদ্রাসহ বিপুল পরিমাণ জাল নোট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য বাংলাদেশি টাকায় ২০ কোটি।

র‌্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সরকার কাউকেই টাকা ছাপানোর অনুমতি দেয়নি। আমরা এখানে সত্যিকারের জাল নোট পেয়েছি, যা অনলাইনের মাধ্যমে বিক্রি করা হতো।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জাল নোট কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনে সবাইকে আইনের আওতায় আনা হবে।