লালমনিরহাট থেকে শনিবার (১১ অক্টোবর) করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চীনাবাদাম পাঠানোর কথা বলে একটি বস্তায় পার্সেল পাঠানো হয় পাবনার ঈশ্বরদীতে। প্রাপকের ঠিকানা হিসেবে দেওয়া হয় করতোয়া কুরিয়ার সার্ভিসের ঈশ্বরদী শাখা।

রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ঈশ্বরদী মধ্য শহরের রেলওয়ে মালগুদাম সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসে পার্সেলটি এসে পৌঁছায়। তবে বস্তাটি খুলে দেখা যায়, ভেতরে বাদামের বদলে রয়েছে ১৪ কেজি গাঁজা।

খবর পেয়ে রোববার রাতেই র‍্যাব-১২, পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করে এবং দুলাল হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুলাল হোসেন লালমনিরহাট সদর উপজেলার দূরাকুঠি গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

র‍্যাব কর্মকর্তাদের বরাতে জানা গেছে, লালমনিরহাটের এক মাদক ব্যবসায়ী চীনাবাদামের নাম ব্যবহার করে করতোয়া কুরিয়ারের মাধ্যমে এই ১৪ কেজি গাঁজা পাঠান। ঈশ্বরদী শাখা থেকে গাঁজাটি সংগ্রহের দায়িত্বে ছিলেন গ্রেপ্তার দুলাল হোসেন।