ফিলিস্তিনের গাজায় ভারি বৃষ্টিপাতে একদিনে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়েসুসের বরাতে টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানায়।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করেন, খোলা পরিবেশে বসবাস, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, গাজায় পরীক্ষাগার সরঞ্জাম ও রোগ নির্ণয় যন্ত্র পাঠাতে ডব্লিউএইচও এখনও বড় ধরনের বাধার মুখে পড়ছে। পাশাপাশি ইসরাইল অনেক জরুরি সরঞ্জামকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ (ডুয়াল-ইউজ) পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না।

টেড্রোস জরুরি ভিত্তিতে এসব অপরিহার্য সামগ্রী গাজায় প্রবেশের আহ্বান জানান। তিনি বলেন, রোগের প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত করা, কার্যকর প্রতিক্রিয়া জানানো এবং আক্রান্তদের চিকিৎসার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা অব্যাহত রয়েছে। ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী একাধিকবার তা লঙ্ঘন করেছে, যার ফলে অন্তত ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০১৮ জন আহত হয়েছেন।