কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে গরু চুরি চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩০ জন।

নিহত রোমান মিয়া (২২) গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গজারিয়া গ্রামের ইউপি সদস্য জসিম উদ্দিন ও একই এলাকার আবদুল করিমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে জসিম উদ্দিনের বাড়ি থেকে গরু চুরি চেষ্টার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। সামাজিকভাবে মীমাংসার চেষ্টা থাকলেও রোববার উভয়পক্ষের অন্তত চার শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে জসিম উদ্দিনের পক্ষের রোমান মিয়াসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ ও পাশ্ববর্তী সিলেটের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রোমান মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকিরা এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মুহাম্মদ জাফর ইকবাল জানান, এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।