আজ বিশ্ব বাঁশ দিবস

আজ পালিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস। বাঁশের বহুমুখী ব্যবহার, পরিবেশ রক্ষায় এর অবদান এবং অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর দিবসটি পালন করা হয়। ২০২৬ সালের বিশ্ব বাঁশ দিবসের প্রতিপাদ্য ‘Bamboo Beyond Borders’, যার বাংলা অর্থ ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’।

বাঁশ শুধু গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী উপকরণ নয়, পরিবেশ সুরক্ষা, শিল্প, হস্তশিল্প ও অর্থনীতিতেও এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আসবাবপত্র, কাগজ, ঘরবাড়ি নির্মাণসহ দৈনন্দিন ব্যবহারের নানা পণ্য তৈরিতে দীর্ঘদিন ধরে বাঁশ ব্যবহৃত হয়ে আসছে।

বিশ্ব বাঁশ সংস্থার উদ্যোগে প্রতি বছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস পালিত হয়। ২০০৫ সালে World Bamboo Organization (WBO) প্রতিষ্ঠার পর বাঁশের সম্ভাবনা ও বহুমুখী ব্যবহার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির কার্যক্রম আরও বিস্তৃত হয়। পরে ২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে ১৮ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাঁশ দিবস হিসেবে ঘোষণা করা হয়।

পরিবেশের জন্যও বাঁশের গুরুত্ব অনেক। দ্রুত বেড়ে ওঠা এই উদ্ভিদ কার্বন শোষণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। একই সঙ্গে বাঁশকে ঘিরে গড়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র শিল্প ও হস্তশিল্পের নানা ক্ষেত্র। এসব খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় মানুষের জীবিকাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাঁশ।