
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। তবে সারাদেশে শীতের প্রকৃত আমেজ অনুভব করতে হলে অপেক্ষা করতে হবে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, চলতি মাসের শেষভাগে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে, আর প্রথম শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে ডিসেম্বরের শুরুতে।
বিডব্লিউওটি জানায়, বর্তমানে লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত কিছু কিছু স্থানে সামান্য বৃষ্টি হতে পারে, তবে ২০ নভেম্বরের আগে বড় ধরনের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়া পরিস্থিতি কৃষকদের জন্যও অনুকূল বলে উল্লেখ করেছে সংস্থাটি। তারা জানিয়েছে, ৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবহাওয়া বেশ ভালো থাকবে, যা ধান কাটা ও শীতকালীন সবজি রোপণের জন্য উপযুক্ত সময়। যদিও ১৭-১৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড় সম্পর্কেও সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবে ২০ নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
এ ছাড়া নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুতে দেশে একটি বৃষ্টিবলয় তৈরি হতে পারে বলেও জানিয়েছে বিডব্লিউওটি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।