
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, সেনাসদস্যদের বিশ্রাম ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ দেওয়ার জন্য আপাতত ৫০ শতাংশ সদস্যকে ফিরিয়ে আনা হবে। বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী সময়ে বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে তাদের পুনরায় মাঠে পাঠানো হবে, আর বাকিদেরও ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।
সরকারের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। একটি সূত্র জানায়, সেনাসদস্যদের আংশিক প্রত্যাহারের আরেকটি লক্ষ্য হলো মাঠ পর্যায়ের প্রতিক্রিয়া ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। দীর্ঘ সময় টানা দায়িত্ব পালনের কারণে সদস্যদের মধ্যে জটিলতা তৈরি হচ্ছিল বলেও সূত্র দাবি করে।
তবে সূত্রটি আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশেষ পরিস্থিতিতে সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।