হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে ওপেনএআই, পারপ্লেক্সিটি, লুজিয়া ও পোকের মতো এআই চ্যাটবট ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পন্ন করছিলেন। কেউ তথ্য সংগ্রহ করছিলেন, কেউ বার্তা লিখছিলেন বা ছোটখাটো কাজ করাচ্ছিলেন এই বটগুলোর মাধ্যমে। তবে আগামী বছর থেকে এই সুযোগ আর থাকবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে অন্য প্রতিষ্ঠানের তৈরি সাধারণ কোনো এআই চ্যাটবট এই মেসেজিং প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে না। ফলে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, লুজিয়া বা পোকের মতো জনপ্রিয় এআই বটগুলো হোয়াটসঅ্যাপে আর কাজ করবে না।

মেটা, হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি, জানিয়েছে যে এই নিয়ম কেবল সাধারণ এআই সহকারী বা কথোপকথনভিত্তিক বটগুলোর জন্য প্রযোজ্য। তবে ব্যবসা বা গ্রাহকসেবা সম্পর্কিত চ্যাটবট, যেমন হোটেলের বুকিং সহকারী বা এয়ারলাইনসের ফ্লাইট তথ্য জানানো বট, আগের মতোই চালু থাকবে।

মেটার মতে, হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই মূলত ব্যবসা ও গ্রাহকের যোগাযোগ সহজ করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু অনেক প্রতিষ্ঠান এই সুবিধা ব্যবহার করে সাধারণ কাজের এআই চ্যাটবট চালাচ্ছে, যা হোয়াটসঅ্যাপের মূল উদ্দেশ্যের সঙ্গে মিলছে না। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের পেছনে বাণিজ্যিক দিকও রয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপের বিজনেস এপিআই মেটার জন্য একটি বড় আয়ের উৎস। ব্যবসাগুলো বার্তার ধরন অনুযায়ী অর্থ পরিশোধ করে, কিন্তু সাধারণ এআই চ্যাটবটের ক্ষেত্রে মেটার আলাদা কোনো আয় হয় না। নতুন নীতিমালার মাধ্যমে মেটা নিজেদের নিয়ন্ত্রণ ও আয়ের কাঠামো আরও শক্ত করতে চাইছে।