
ময়মনসিংহের ভালুকায় মর্মান্তিকভাবে গলা কেটে হত্যা করা হয়েছে মা ও দুই শিশুকে। নিহতরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার, বয়স ২৫ বছর, তার চার বছর বয়সী মেয়ে রাইসা আক্তার এবং দুই বছর বয়সী ছেলে নিরব মিয়া।
ভালুকা পৌর শহরের টিএনটি রোডের একটি ভাড়া বাসায় সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চেলের ঘাট এলাকার বাসিন্দা। তিনি ভালুকার একটি মিলের শ্রমিক।
পুলিশ জানায়, ঘটনার রাতে রফিকুল মিলের রাতের ডিউটিতে ছিলেন। সকালে বাসায় ফিরে তিনি গেইট বন্ধ পান। স্ত্রী ও সন্তানদের ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে গেইট ও রুমের তালা ভেঙে ভেতরে ঢোকেন। তখন তিনি বিছানায় তিনজনকেই গলাকাটা অবস্থায় মৃত দেখতে পান।
জানা গেছে, রফিকুল ও ময়নার বিয়ে হয় ২০১৭ সালে। গত দেড় মাস আগে তারা ওই বাসায় ভাড়া ওঠেন। একই বাসায় রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, নজরুলের রুম তল্লাশি করে হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে নজরুলই ভাবি ও দুই ভাতিজিকে হত্যা করে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যুবায়ের জারীর, নিজস্ব সম্পাদক
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।