
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে গাজায় ত্রাণ পাঠানোর অন্তত ১০৭টি আবেদন বাতিল করেছে ইসরায়েল।
শুক্রবার (৭ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, “আমাদের অংশীদার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ কম্বল, শীতবস্ত্র, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার সরঞ্জামসহ ত্রাণ পাঠানোর ১০৭টি আবেদন প্রত্যাখ্যান করেছে।”
তিনি জানান, এসব প্রত্যাখ্যাত আবেদনের প্রায় ৯০ শতাংশ এসেছে ৩৩০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার পক্ষ থেকে। এর মধ্যে অর্ধেকেরও বেশি আবেদন বাতিলের কারণ হিসেবে ইসরায়েল জানিয়েছে—সংস্থাগুলোর গাজায় সহায়তা পাঠানোর অনুমতি নেই।
জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে ফারহান হক আরও বলেন, ইসরায়েলি বাহিনী এখনো পূর্ব খান ইউনিস, পূর্ব গাজা সিটি ও রাফাহ এলাকায় অবস্থান করছে, যেখানে প্রতিদিনই আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটছে।
তিনি জানান, তথাকথিত ‘ইয়েলো লাইন’ সংলগ্ন এলাকাতেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যার ফলে বেসামরিক মানুষ ও ত্রাণকর্মীরা জীবনহানির ঝুঁকিতে পড়ছেন।
ইসরায়েলি সেনাদের উদ্দেশে ফারহান হক বলেন, “সামরিক অভিযান চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।