
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে তিনটি বাসের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১২ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগতির বাস দয়ামীর মাদরাসার সামনে পৌঁছালে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা ইউনিক পরিবহনের আরেকটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষে এনা ও শ্যামলী পরিবহনের বাস দুটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ১০ জন আহত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) ঘটনাস্থলের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট দেখা যায়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।