গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ জনে।

বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, চট্টগ্রামে ৮৮ জন, ঢাকার জেলা এলাকায় ১৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৯ জন, দক্ষিণ সিটিতে ১৪৫ জন, খুলনায় ৫০ জন, ময়মনসিংহে ৫১ জন, রাজশাহীতে ৬৬ জন, রংপুরে ১৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

অন্যদিকে, একই সময়ে ১,৯০৮ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৫,৩১২ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

২৯ অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,৪২৮ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।