সিরাজগঞ্জে বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা ভিক্ষুক মোছা. সালেয়া বেগমের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে স্থানীয়দের উপস্থিতিতে টাকা গণনা শুরু হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সালেয়া বেগম চার দশকেরও বেশি সময় ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। দীর্ঘদিন তিনি সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় বসবাস করতেন এবং নিজের প্রয়োজন বা অসুস্থতার সময়ও টাকা ব্যবহার করতেন না।

মায়ের কাছে টাকা উদ্ধারের পর সন্তুষ্টি প্রকাশ করেন তার মেয়ে মোছা. শাপলা খাতুন, বলেন, “আজ তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।”

জামাতা, রিকশাচালক মো. শহিদুল ইসলাম জানান, তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসার প্রয়োজন থাকলেও টাকা কোথায় আছে তা জানাতে চাইতেন না। আজ এলাকার মানুষ তার বারান্দা ও আশপাশ থেকে টাকা উদ্ধার করেছে।

স্থানীয় যুবক শুভ জানান, “আমি চা খাচ্ছিলাম, দেখি রিকশায় করে দুই বস্তা টাকা আনা হচ্ছে। সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করছেন। আমরা কেউ জানতাম না তার কাছে এত টাকা আছে। প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মতো হতে পারে।”

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শিপু বলেন, “সালেয়া বেগম দীর্ঘদিন টাকা গুছিয়ে রেখেছেন। এখন তিনি অসুস্থ। দুই বস্তা টাকা উদ্ধার হওয়ার পর এলাকাবাসী সবাই মিলিত হয়ে গণনা করছে। সিদ্ধান্ত হয়েছে, টাকাগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।”

এলাকাবাসী আশা করছেন, উদ্ধার হওয়া টাকা বৃদ্ধা ভিক্ষুকের স্বাস্থ্যসেবায় কাজে লাগবে এবং তার চিকিৎসার ব্যয় নিশ্চিত হবে।