
চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি পণ্যবোঝাই লরির সঙ্গে চলন্ত মালবাহী ট্রেনের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে, আর লরিটি উল্টে যায় রেললাইনের ওপর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তিনি নগরের পাহাড়তলী দিদার কলোনির বাসিন্দা এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
রেলওয়ে সূত্র জানায়, ভোর ৪টার দিকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় একটি মালবাহী ট্রেন। ভোর ৪টা ২০ মিনিটের দিকে ট্রেনটি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি লরি রেললাইনে ঢুকে পড়ে এবং সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। পরবর্তীতে ট্রেনের বাকি বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, “প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাটি গেটম্যানের অবহেলার কারণে ঘটেছে। গেট খোলা থাকায় লরিটি রেললাইনে উঠে ট্রেনকে ধাক্কা দেয়। উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে পৌঁছেছে, উদ্ধার কাজ চলছে। তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষের কারণে মালবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এই রুটে যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না, কারণ লাইনটি মূলত পণ্য ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।