
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের যাত্রী আপন দুই সহোদর ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন শ্রমিক।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বোয়ালমারী বাজার স্টেশনসংলগ্ন শিবপুর রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা (৩০)। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর পরিচয় না জানা এক নারী শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহত দুইজন সম্পর্কে আপন ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোবরা জনতা জুট মিল থেকে কাজ শেষে ২০ থেকে ২৫ জন শ্রমিক একটি পিকআপভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পিকআপভ্যানটি শিবপুর রেলক্রসিং পার হওয়ার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিকের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।