শীতকালে শৈত্যপ্রবাহের কারণে এ বছর তীব্র ঠাণ্ডার মুখোমুখি হতে পারে বাংলাদেশ। আবহাওয়া দফতরের তিন মাসের পূর্বাভাসে জানানো হয়েছে, এবারের শীতে ২–৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

দফতর জানায়, দেশে ৩–৮টি মৃদু (৮–১০°সে) থেকে মাঝারি (৬–৮°সে) শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এর মধ্যে ২–৩টি তীব্র শৈত্যপ্রবাহে (৪–৬°সে) রূপ নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ–নদী অববাহিকাসহ বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। কখনও কখনও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন–রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে।

এ সময় সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।