চট্টগ্রাম শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে সংস্কার ও পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন। রবিবার (১২ অক্টোবর) দুপুরে তিনি এ কাজের উদ্বোধন করেন।

ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই মসজিদটি সাড়ে তিনশ বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি মুসল্লিকে সেজদায় অংশগ্রহণের সুযোগ দিয়ে আসছে। ঐতিহাসিক নকশার মসজিদটি মূল অবস্থায় রেখে চারতলা নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে, যাতে একসঙ্গে প্রায় আট হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

সংস্কারকাজের পাশাপাশিই একটি ২০ তলা টাওয়ার এবং ৩৫ তলা উচ্চতার মিনার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৬৯ কোটি টাকা। প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে ১১ কোটি টাকা জোগান দেওয়া হয়েছে, বাকি অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক অনুদানের মাধ্যমে সংগ্রহের আশা করা হচ্ছে।

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ নামে পরিচিত হলেও এর দাপ্তরিক নাম চট্টগ্রাম শাহী জামে মসজিদ। মুঘল আমলে নির্মিত এই মসজিদটি চট্টগ্রামের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। ১৬৬৬ সালের ২৭ জানুয়ারি শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ এখানে প্রবেশ করলে এ এলাকার নাম ‘আন্দরকিল্লা’ রাখা হয়। পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে ১৬৬৭ সালে শায়েস্তা খাঁ মসজিদটি নির্মাণ করেন।

মসজিদটির নকশা দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের আদলে করা হয়েছে। মূল মসজিদটি বড় পাথর দিয়ে তৈরি, দৈর্ঘ্য ৫৪ ফুট, প্রস্থ প্রায় ২২ ফুট এবং পাহাড়ের ওপর সমতল থেকে ৩০ ফুট উঁচুতে অবস্থিত। দেয়াল আড়াই গজ পুরু এবং ছাদে একটি বড় ও দুটি ছোট গম্বুজ আছে। মসজিদটিতে তিনটি মেহরাব রয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মসজিদের খতীব হজরত আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, ডিডি মোহাম্মদ সারওয়ার আলম এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।