দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তার বেশি জমা থাকা হিসাবের সংখ্যা লাগাতার বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, এখন ব্যাংকিং খাতে এমন হিসাবের সংখ্যা এক লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে।

খাত সংশ্লিষ্টদের ব্যাখ্যায় জানা যায়, নিত্যপণ্যের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চাপে পড়েছে। সংসার চালাতে বহু পরিবার পূর্বের সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে। ফলে ব্যাংকে ছোট অঙ্কের আমানত কমে যাচ্ছে।
তবে বিপরীতে সমাজের এক শ্রেণির আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিত্তশালী ব্যক্তি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের নতুন হিসাবেই এখন বড় অঙ্কের আমানত জমা হচ্ছে। তাদের ভাষায়, অর্থনৈতিক চাপ বাড়লেও ধনী জনগোষ্ঠীর আয়-সম্পদ বৃদ্ধিতে বড় কোনো বাধা তৈরি হয়নি—কোটি টাকার হিসাব বৃদ্ধিই তার প্রমাণ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোটি টাকার হিসাব মানেই ব্যক্তিগত কোটিপতি নয়; এ তালিকায় বহু প্রতিষ্ঠানও রয়েছে। আবার একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব রাখার সুযোগ থাকায় হিসাব সংখ্যাও বেশি দেখা যায়। এসব হিসাবের মধ্যে সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার নামও আছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টি। জুন শেষে এই সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। অর্থাৎ তিন মাসে হিসাব বেড়েছে প্রায় ৫৫ লাখ ৯৪ হাজারটি।
জুন প্রান্তিকে কোটি টাকার বেশি আমানত থাকা হিসাব ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টি—তিন মাসে বৃদ্ধি ৭৩৪টি।
তবে সংখ্যা বাড়লেও ওই হিসাবগুলোর মোট আমানত কমেছে। জুন শেষে কোটি টাকার হিসাবে মোট জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। আর সেপ্টেম্বর শেষে তা নেমে এসেছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। তিন মাসে কমেছে প্রায় ৫৯ হাজার ২০৯ কোটি টাকা।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।