গাজীপুর সাফারি পার্কে থাকা শেষ স্ত্রী জিরাফটির মৃত্যু হয়েছে। এর মাধ্যমে পুরো পার্কটি এখন জিরাফশূন্য হয়ে পড়েছে। টিবি রোগে আক্রান্ত অসুস্থ জিরাফটিকে বাঁচাতে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পার্কের ভেতরেই মারা যায় জিরাফটি।

পার্ক কর্তৃপক্ষ জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় গাজীপুর সাফারি পার্ক। শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ধাপে মোট ১০টি জিরাফ আনা হয় ফ্যালকন ট্রেডার্স নামে একটি আন্তর্জাতিক প্রাণী আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি বাচ্চা জন্ম দেয় এসব জিরাফ। কিন্তু ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগে আক্রান্ত হয়ে কয়েকটি জিরাফ মারা যায়। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর আরেকটি জিরাফ মারা গেলে শেষ পর্যন্ত একটি স্ত্রী জিরাফ একা থেকে যায়। সেটিও ২৩ অক্টোবর বিকেলে মারা যায়। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. তারেক রহমান বলেন, “জিরাফটি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। চিকিৎসার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবু হাদী নূর আলী খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় জিরাফটিকে। পরে নিশ্চিত হওয়া যায়, এটি টিবি রোগে আক্রান্ত।”

তিনি আরও জানান, “২৩ অক্টোবর বিকেলে হঠাৎ করে জিরাফটির শারীরিক অবস্থার অবনতি হয় এবং বিকেল সাড়ে ৫টার দিকে এটি মারা যায়। মৃত্যুর পরপরই ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী জিরাফটিকে পার্কের নির্ধারিত স্থানে মাটিচাপা দেওয়া হয়েছে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “জিরাফটির মৃত্যুর বিষয়ে পার্ক কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”