নতুন কুঁড়ি স্পোর্টসসহ ১২ ইভেন্টে নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার নির্দেশ মাদ্রাসায়
নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শুটিং ও হকি খেলায় নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। এ লক্ষ্যে অধিদফতরের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
রোববার (১ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রশিক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। অধিদফতরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়া স্বাক্ষরিত এ চিঠি অধিদফতরের আওতাধীন সব মাদ্রাসার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক পর্যায় থেকেই ১০ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীকে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ক্রীড়াচর্চার মাধ্যমে তাদের সুস্থ, আত্মবিশ্বাসী ও পেশাদার নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়।
এ পরিপ্রেক্ষিতে নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শুটিং ও হকি খেলায় নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসাপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।