
অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের প্রস্তাবের পর সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো নির্দিষ্ট করে কত টাকা বাড়ানো হবে তা চূড়ান্ত হয়নি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সভাকক্ষে।
বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা যে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি এখন পর্যালোচনায় রয়েছে। আগামী সপ্তাহে আবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম বৃদ্ধির সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রতি লিটার সয়াবিন ও পাম তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। তাদের যুক্তি ছিল, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১,২০০ ডলার পর্যন্ত পৌঁছেছে।
গত ১৩ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
অন্যদিকে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যৌক্তিক হারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।