পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসকে যৌন হয়রানির অভিযোগে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২৬ জুলাই ২০২৫ তারিখে রিজেন্ট বোর্ডের ৭৩তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তদন্তে প্রমাণিত হয়, তিনি একই বিভাগের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়ান। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ নীতিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে ‘নৈতিক অস্বচ্ছ চরিত্রের দায়ে চূড়ান্তভাবে বরখাস্ত’ করা হয়।

এরপর সোমবার (২৩ সেপ্টেম্বর) রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্ত কার্যকর করা হয়। বিষয়টি দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতি তার কোনো আর্থিক দায় থাকলে তা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।