
এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাকে ঘিরে সামাজিক মাধ্যমে যখন প্রশংসার ঢল নেমেছে, তখন তার ‘সাহস’ নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তাসনিম জারার বর্তমান অবস্থান ও অতীতের নীরবতা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক।
নীলা লিখেছেন, “তাসনিম জারা, আজ যাকে ঘিরে করতালি, আলোচনার ঝড়—তার নিঃস্বার্থ উচ্চারণের জন্য তাকে সাহসী বলা হচ্ছে। আমিও বলি, হ্যাঁ, তিনি সাহসী। তবে সেই সাহস কি কেবল ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুলি আওড়ানোর মধ্যেই সীমাবদ্ধ?”
তিনি অভিযোগ করেন, অতীতে ব্যক্তিগত সহায়তার জন্য অনুরোধ করলেও তাসনিম জারা কোনো অবস্থান নেননি। নাগরিক কোয়ালিশনের এক অনুষ্ঠানে, ডেইলি স্টারের অফিসে, কান্নাভেজা কণ্ঠে নিজের একটি ব্যক্তিগত ঘটনার কথা শোনালেও তাসনিম জারা নীরব থেকেছেন বলে দাবি করেন নীলা।
নীলার ভাষায়, “আমি চেয়েছিলাম একজন নারী হিসেবে অন্তত পাশে দাঁড়ান। কিন্তু আপনি ছিলেন নীরব, দিলেন শুধু ফাঁপা প্রতিশ্রুতি। যেন আমার বেদনা আপনার কানে পৌঁছায়নি।”
তিনি আরও লিখেছেন, বর্তমানে যারা তাসনিম জারার প্রশংসা করছেন, তারাই এখন নীলার দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, কেন তিনি তাসনিম জারার পাশে দাঁড়ালেন অথচ তাসনিম জারা তার পাশে দাঁড়াননি।
“এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য যন্ত্রণাদায়ক,” উল্লেখ করে নীলা বলেন, “কারণ, আমি সত্যিই তার পাশে দাঁড়িয়েছি, কিন্তু তিনি একবারও আমার পাশে আসেননি। আজ সেই অবস্থান আমাকে সমালোচনার মুখে ফেলেছে।”
তাসনিম জারার রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলে নীলা ইসরাফিল লিখেছেন, “এই কি তবে রাজনৈতিক চরিত্র—যেখানে অন্যের কান্না চাপা পড়ে নির্লিপ্ত নীরবতায়? একজন নারী হয়েও নারীর পাশে না দাঁড়ানোই কি মূল দর্শন?”
শেষে তিনি মন্তব্য করেন, “তাসনিম জারা কণ্ঠে সাহসী হতে পারেন, কিন্তু হৃদয়ে তিনি কাপুরুষ। ইতিহাস একদিন তার এই দ্বৈত চরিত্রকে চিহ্নিত করবেই। শুধু উচ্চশিক্ষিত হলেই হয় না, মানবিকও হতে হয়।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।