
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি মেঘ বৃদ্ধি পেয়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।
এদিকে দেশের উত্তর ও উত্তর–পশ্চিমাঞ্চলের মোট ২০টি জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাদের ফেসবুক পেজে দেওয়া তথ্যে জানানো হয়—শুক্রবার সকাল ৬টা থেকে রোববার (২ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি আরও জানায়, বায়ুচাপের পরিবর্তনের কারণে এসব অঞ্চলের কিছু স্থানে হঠাৎ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া শুক্রবার থেকে সোমবার (৩ নভেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।