
কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ঘেঁষা এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া সংলগ্ন পাহাড়ি অঞ্চলে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
অপহৃতরা হলেন- মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম প্রকাশ মাহাত আলম (১৮), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)।
তাদের মধ্যে পাঁচজন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তবে অপর একজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এসময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখান থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।
এদিকে অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে আছি।’
টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র রাতে মুঠোফোনে বলেন, হোয়াইক্যংয়ের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।