
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেরা করা হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তার জেরা হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সময় প্রার্থনা করায় তা হয়নি।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করে জানান, স্টেট ডিফেন্স আইনজীবীর আবেদনের কারণে আজ জেরা হয়নি, তবে বৃহস্পতিবার তা অনুষ্ঠিত হবে।
এর আগে ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি মামুন আসামি থেকে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশে রাজনৈতিক প্রভাব ও বিভাজন ছিল এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়। নিজের দায় স্বীকার করে তিনি শহীদ ও আহত পরিবারের কাছে ক্ষমা চান।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া এ মামলায় এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের জবানবন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
অন্যদিকে, গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া আরেক মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ছিল পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণের তারিখ। পুলিশ এদিন কনস্টেবল সুজনসহ চারজনকে হাজির করলেও প্রসিকিউশন সময় প্রার্থনা করায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।