আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি ও গাড়ি কেনার জন্য শরিয়াহভিত্তিক ঋণ চালুর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের আয়োজিত মাহফিলে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “অনেক কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তারা হাউজ লোন বা কার লোন নিতে চান, তবে শরিয়াহ অনুসারে। যদি তাদের জন্য এমন একটি নীতি চালু হয়, তা তাদের জন্য খুবই সহায়ক হবে। কর্তৃপক্ষ দ্বীন পালন করতে আগ্রহী কর্মকর্তাদের বিষয়টি বিবেচনায় নেবে বলে আশা করি।”

তিনি আরও বলেন, ইসলামি ব্যাংকিংয়ের সুযোগ কর্মকর্তাদের জন্য উন্মুক্ত করা উচিত, যাতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। দেশের ইসলামি ব্যাংকগুলোতে শরিয়াহ সঠিকভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য কার্যকর জবাবদিহি থাকা প্রয়োজন। ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

শায়খ আহমাদুল্লাহ গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে বলেন, “সাধারণ মানুষকে শেখানো প্রয়োজন যে কোন ক্ষেত্রে শরিয়াহ লঙ্ঘিত হচ্ছে এবং কোন ক্ষেত্রে হচ্ছে না। যেমন, নির্দিষ্ট পদ্ধতিতে বিবাহ হালাল এবং অন্যভাবে করলে হারাম হয়—ব্যাংকিং ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।”