ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন শহিদুল আলম

মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম ইসরাইলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি দেশবাসী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ফিলিস্তিনের মুক্তি না হওয়া পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহিদুল আলম অবতরণ করেন। তিনি বলেন,

“এখনও গাজা মুক্ত হয়নি। সেখানে হামলা চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীর ওপর যে নির্যাতন চলছে, তার তুলনায় আমাদের সঙ্গে যা ঘটেছে তা কিছুই নয়।”

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানান। শহিদুলকে আটক করার পর ইসরাইলি কর্তৃপক্ষকে সতর্ক করে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

এর আগে শহিদুল আলম তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান। এছাড়াও, ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে বুধবার ভোরে ইসরাইলি দখলদার বাহিনী অপহরণ করেছিল।