
নওগাঁর মহাদেবপুরে সবজিবাহী ব্যাটারিচালিত ভ্যানে বালুভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন পাহান (৫০), মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব পাহান (২২)। এ ঘটনায় সামন্ত (৩০) নামে একই গ্রামের এক ভ্যানচালক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুরগামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক (রংপুর মেট্রো-ট ১১০০০৪) ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচে।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।