রাঙামাটির সাজেকে পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২১তম ব্যাচের ছাত্রী। একজন শিক্ষকসহ মোট ১৩ শিক্ষার্থী সাজেকে বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক থেকে খাগড়াছড়ির পথে ফেরার সময় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিংকি নিহত হন। সেনাবাহিনী ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, “দুর্ঘটনার খবর পেয়েছি। আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নেওয়া হয়েছে। সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত হয়েছি।”