সৌদি আরবে রবি উস সানি মাসে রেকর্ড সংখ্যক ওমরাহ পালন

সৌদি আরবে চলতি হিজরি মাস রবি উস সানীতে রেকর্ড ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ ওমরাহ পালন করেছেন—যা এ পর্যন্ত সর্বোচ্চ মাসিক সংখ্যাগুলোর একটি বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় ও হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের যৌথ প্রতিবেদনে বলা হয়, ওমরাহ পালনকারীদের মধ্যে ১৫ লাখেরও বেশি বিদেশি তীর্থযাত্রী ছিলেন, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এসেছেন।

তীর্থযাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ যৌথভাবে সেবা মানোন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। পাশাপাশি নতুন ডিজিটাল ও কার্যকর সিস্টেম চালু করা হচ্ছে, যা ভ্রমণ পরিকল্পনা থেকে নিরাপদ প্রত্যাবর্তন পর্যন্ত সম্পূর্ণ যাত্রা প্রক্রিয়াকে সহজ ও আরামদায়ক করবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই রেকর্ড সংখ্যার পেছনে সৌদি আরবের উন্নত ডিজিটাল সিস্টেম, সমন্বিত লজিস্টিকস ও আধুনিক সেবার সফল বাস্তবায়ন কাজ করেছে। এর ফলে হজ ও ওমরাহ পালন এখন আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক হয়ে উঠেছে।

এই প্রবৃদ্ধি সৌদি আরবের ভিশন ২০৩০–এর অংশ, যার লক্ষ্য হজ, ওমরাহ ও মসজিদ দর্শন ব্যবস্থাকে আধুনিক করা এবং বিশ্বজুড়ে মুসলমানদের জন্য এক আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করা।