রাঙামাটির লংগদুর গুইলশাখালীতে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় একই পরিবারের চারজনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে মাসুমা নামে পাঁচ বছরের এক শিশু

বুধবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতরা লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাতে আছিরউদ্দীনের পরিবার নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়ো বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকাটি তলিয়ে যায়। নৌকাটি গন্তব্যস্থলের কাছাকাছি থাকলেও পানির তলায় চলে যায়। ঘটনাস্থল থেকে সকালে শিরিনা বেগম নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দুইজনের লাশও পাওয়া গেছে। তবে শিশুটি এখনও নিখোঁজ রয়েছে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, রাতেই দুর্ঘটনা ঘটলেও উদ্ধার অভিযান শুরু হয় বুধবার সকাল থেকে। তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত একজনকে জীবিত ও দুজনের মৃতদেহ উদ্ধার করেছি। এখনো এক শিশু নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।”