চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অক্টোবরের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। তবে পুরো মাসে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।