
পুলিশের ওপর হামলার ঘটনা আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে রাজস্ব খাতে কেনা ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা ঝটিকা মিছিল করছে। তবে ২৪৪ জনকে হাতেনাতে ধরা দেওয়ার পর এসব মিছলের সংখ্যা কমে এসেছে। অপরাধের হারও ধীরে ধীরে কমছে। যদি সবাই সহযোগিতা করেন, তাহলে এক সময় এগুলো পুরোপুরি কমে যাবে।”
তিনি আরও জানান, দেশের নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে কারণ প্রচার-প্রচারণা শুরু হলে অপরাধের প্রবণতা কমে যাবে। পুলিশকে লক্ষ্য করে সাম্প্রতিক কিছু হামলার ঘটনাও ঘটেছে, যেমন নরসিংদীতে। তবে এসবও ধীরে ধীরে কমে আসবে।
গতকাল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদী বিবৃতির প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ এখন সচেতন হচ্ছে। মিডিয়ার মাধ্যমে প্রচারও সাহায্য করছে। জনগণ বুঝলে নিজেরাই এসব অপরাধ প্রতিরোধ করতে শুরু করবে।”
নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “নির্বাচনের সময় সবচেয়ে বেশি দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের, এরপর প্রশাসনের, তারপর আইন-শৃঙ্খলা বাহিনীর। রাজনৈতিক দলগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সবাই মিলেমিশে কাজ করলে নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।