
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হবে। সকালে ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে এ কর্মসূচির আওতায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। দেশব্যাপী পুলিশের ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রম চলবে।
এর আগে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দফতরে মডিউলভিত্তিক প্রশিক্ষণ পেয়েছেন ১৫০ জন মাস্টার ট্রেইনার। পরবর্তী সময়ে দেশের ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে আরও ১ হাজার ২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরি করার পরিকল্পনা রয়েছে। এরা পরবর্তীতে মাঠপর্যায়ে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।
পুলিশ সদর দফতর জানিয়েছে, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বাস্তবমুখী মহড়া দেওয়া হবে সব ট্রেইনারকে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য।
ডিআইজি কাজী জিয়া উদ্দিন জানান, প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, ১৫ মিনিটের একটি অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, ৯ মিনিটের একটি ফিল্ম এবং একটি বুকলেট প্রস্তুত করা হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।