নাটোরে খেলাধুলাকে কেন্দ্র করে বায়েজিদ বিন মাহমুদ নামে ৮ বছরের এক শিশুর ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। তিনি বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যানপাড়া এলাকায় শিশুটির বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
আহত শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন জানান, বুধবার রাতে বাসার ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে তার স্ত্রী পিকনিকের আয়োজন করেন। এ সময় খেলাধুলার একপর্যায়ে দুই শিশু হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উভয় শিশুর মা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন।
শিশুটির বাবার অভিযোগ, ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল তার ছেলেকে জোর করে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে বটি দিয়ে শিশুটির ডান হাতের আঙুল কেটে দেন। শিশুটির কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে তাদের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় মামলার তদন্ত চলছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।