
ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা বাকলাইবাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের মালবাহী একটি ট্রলি খাদে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. সোহেল (৩০)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার নুর আকনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুতের মালবাহী ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শ্রমিক সোহেল মারা যান।
আহতরা হলেন—রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর বলাইবাড়ির সোলায়মান (২২), নড়াইলের ইমন হোসেন (২০), শরীয়তপুরের রোহান (১৫), গোপালগঞ্জের হামিম (১৮) এবং নড়াইলের সামিউল (২৭)।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত সোহেলের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।