
৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডার নিয়োগ পরীক্ষার আগের প্রবেশপত্র বাতিল ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পূর্বে ডাউনলোড করা প্রবেশপত্র আর বৈধ থাকবে না; সবাইকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ অক্টোবর থেকে সংশোধিত প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হয়েছে। তবে ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর)।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যেসব পরীক্ষার্থীর পুরোনো প্রবেশপত্রে মুদ্রিত পরীক্ষাকেন্দ্রের নাম ও টেলিটকের মেসেজে প্রাপ্ত নামের মধ্যে অমিল রয়েছে, তাদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। কেবল নতুন প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে।
শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট নিরসনে ৪৯তম বিশেষ বিসিএসের আয়োজন করেছে পিএসসি। এতে ৬৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এই এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।