
শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে এসে বাদশা মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাচারি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মালিহা নুঝাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাদশা মিয়া উরফা দক্ষিণপাড়া এলাকার মৃত ছফর উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় একজন কৃষক ছিলেন।
নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান বলেন, বাদশা মিয়া দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় মিছিলসহ অংশ নেন তিনি। অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি সভাস্থল ত্যাগ করেন এবং কাচারি মসজিদের কাছে রাস্তায় পড়ে যান। পরে সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা উপজেলা বিএনপির নেতা ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক এনামুল হক রিপন বলেন, বাদশা মিয়া উরফা ইউনিয়ন যুবদলের একজন নিবেদিত নেতা ছিলেন। তার মৃত্যুতে নকলা যুবদল গভীরভাবে শোকাহত ও অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাদশা মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।