চাঁদপুর শহরের পৌর কবরস্থানে জীবিত নবজাতককে দাফন করতে গিয়ে ফারুক হোসেন গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

গ্রেপ্তার ফারুক হোসেন গাজী শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয়। তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের মকবুল হোসেন গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি একটি বৈদ্যুতিক ফ্যানের বাক্সে সদ্যজাত নবজাতককে মৃত ভেবে চাঁদপুর বাস টার্মিনালের পৌর কবরস্থানে নিয়ে যায়। গোর খোদক শাহজাহান দাফনের প্রস্তুতি নিলে হঠাৎ আজানের শব্দ শুনে নবজাতক নড়ে ওঠে।

এ ঘটনার পর চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে ডিবি তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক বহনকারী ফারুককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছে, ৫০০ টাকার বিনিময়ে নবজাতককে কবরস্থানে নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করেছিল সে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।