
জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, আমরা যাকে নেতা হিসেবে মানি, তিনি হলেন মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। আল্লাহ যাকে দুনিয়ায় নবী হিসেবে প্রেরণ করেছেন, সেই নবী শব্দের শাব্দিক অর্থ হলো “সংবাদবাহক”। যেহেতু সংবাদ যারা বহন করেন তাদের আমরা সাংবাদিক বলি, এ অর্থে নবীজি (সা.) সাংবাদিক হিসেবেই পরিগণিত হন।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াত কুষ্টিয়া জেলা শাখার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মুফতি আমির হামজা কোরআন শরিফের উদ্ধৃতি দিয়ে বলেন, “হে নবী! ওই মহান সংবাদের কথা মানুষকে জানান, মানুষের প্রতি যে বার্তা বহনে আপনি কষ্ট পান, সেই কষ্টের প্রতিদান আমি নিজে দেব। দুনিয়া ও আখিরাত মিলিয়ে নিরবচ্ছিন্নভাবে দেব।” তিনি আরও বলেন, এটি শুধু নবীর জন্য নয়, বরং যারা সততার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন, তাদেরও আল্লাহ পুরস্কৃত করবেন।
তিনি বলেন, আল্লাহ নবীকে সাংবাদিক হিসেবে পাঠিয়েছেন যাতে পৃথিবীর সব সংবাদ মানুষের কাছে পৌঁছে যায়। তাই এই পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, আল্লাহ তাদেরকে অমর প্রতিদান দেবেন।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন। কুষ্টিয়ার চারটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় জেলার স্থানীয় গণমাধ্যম ও সাংবাদিকরা আগামী নির্বাচন এবং পরবর্তী করণীয় সম্পর্কে অবগত হন। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু এবং কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের রিপনও বক্তব্য দেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।