
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-কেও অংশগ্রহণ করতে হবে। ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক, যেখানে সব দল অংশগ্রহণ করবে।”
আওয়ামী লীগ ও তাদের শরিকদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নে ফখরুল বলেন, “আমরা বলেছি, আওয়ামী লীগ ও তাদের শরিকেরা, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। এটা নিলে ভোট হবে সুষ্ঠু। আমাকে ভারতের এজেন্ট বা আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে অনেকে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরা কেন করব?”
ফখরুল উল্লেখ করেন, “শেখ হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি, তাই তার শাস্তি পেয়েছেন। তবে মানুষ এত রক্ত দেখেছে, এত প্রাণহানি—সেজন্য তাদের মধ্যে আওয়ামী-বিরোধী মনোভাব রয়েছে।”
তিনি আরও বলেন, “জামায়াত আসন্ন নির্বাচনে ৩০টি আসন চেয়েছে। আমরা তাদের অতিরিক্ত গুরুত্ব দিইনি। বিএনপির উপর চাপ সৃষ্টির জন্য পিআর-টিআর চালানো হচ্ছে। তবে দেশের মানুষ প্রবলভাবে নির্বাচন চাচ্ছে। সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও এ বিষয়ে সমর্থন দিচ্ছেন।”
ভারতের প্রভাব নিয়ে প্রশ্নে ফখরুল বলেন, “ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। তবে সমস্যা হলো, বাংলাদেশকে শুধু আওয়ামী লীগ হিসেবে দেখছে ভারত। বিএনপি ও জামায়াতের রাজনীতি আলাদা। আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক দল। মুক্তিযুদ্ধের সংবিধান রক্ষায় স্বাধীনতা-বিরোধীদের সঙ্গে লড়াই চালাচ্ছি।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।