
বিএনপির পদ স্থগিত হওয়া নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, এখন যদি নির্বাচন হয়, তাহলে ফলাফল হবে ডাকসু নির্বাচনের মতোই সাজানো-গোছানো।
বুধবার (২৪ সেপ্টেম্বর) যুগান্তর মাল্টিমিডিয়া’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, “এই নির্বাচন হলে ডাকসুর মতোই ‘ডাইস’ বানিয়ে রাখা হবে। সব জায়গায় জামায়াতের পক্ষে মাঠ সাজিয়ে রাখা হয়েছে, রিটার্নিং কর্মকর্তাদেরও নিয়ন্ত্রণে রাখা হয়েছে। কোন খেলায় কীভাবে হবে, সেটা আগেই তৈরি করে রাখা হয়েছে।”
ড. ইউনূসের অধীনে কোনো নির্বাচন হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, “ইউনূসের একটা রাজনৈতিক দল আছে। যে মেম্বার হতে পারে না, তাকেই প্রধানমন্ত্রী বানানোর চেষ্টা হচ্ছে। ইউনূস সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
তিনি অভিযোগ করেন, “ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম ইতোমধ্যেই ঘোষণা দিয়ে রেখেছেন কে প্রধানমন্ত্রী হবেন। মানে আগেই প্রধানমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে।”
ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সম্ভাবনা নিয়েও সন্দেহ প্রকাশ করে ফজলুর রহমান বলেন, “আমার মনে হয় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যদিও আমার দল তাই বিশ্বাস করে। তবে আমি চাই না ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হোক।”
জামায়াতের সঙ্গে ড. ইউনূসের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “এটা হলো রাতের সম্পর্ক, যা খুবই বিপজ্জনক। দিনে যাকে মিত্র মনে হয় না, রাতের আঁধারে তাকেই বন্ধু বানানো হচ্ছে।”
তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়ে তিনি আরও বলেন, “আমি চাই তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার আসুক। সেই সরকারের অধীনে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন করা হোক। আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ও তাদের উপদেষ্টারা নির্বাচন আয়োজন করবে।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।